আগে কী সুন্দর দিন কাটাতাম…

আমার দাদু বলতেন, “আরে, আমাদের সময় পাড়ায় সবাই এক ছিল। কারো বিপদে সবাই ছুটে আসত।”

দাদু, সেই পাড়ায় পাড়াতুতো কাকু কি রোজ আসতেন?

“হ্যাঁ, রোজ আসতেন।”

কেন আসতেন?

“এমনি আসতেন।”

মানে বিনা কারণে রোজ বাড়িতে ঢুকে পড়তেন?

“আরে, তখন সেটাই স্বাভাবিক ছিল!”

দাদু, আমি আপনার সেই পাড়ায় থাকলে এক সপ্তাহে পাগল হয়ে যেতাম।

এরপর বাবার পালা।

বাবা বলেন, “আমরা মাঠে ফুটবল খেলতাম। ধুলো মেখে বাড়ি ফিরতাম। কী যে মজা ছিল!”

বাবা, সেই মাঠটা এখন কোথায়?

“ফ্ল্যাট হয়ে গেছে।”

কে কিনেছে?

নীরবতা।

বাবা হঠাৎ টিভিতে মনোযোগ দিলেন। খবরে তখন কিছুই হচ্ছে না, তবু বাবা খুব মনোযোগ দিয়ে দেখছেন।

তারপর আসে আমাদের দল।

আমরা বলি, “ইন্টারনেট আসার আগে মানুষের সাথে সরাসরি কথা হত। সম্পর্কে গভীরতা ছিল।”

এই কথা আমরা লিখি হোয়াটসঅ্যাপে।

চুয়াল্লিশ জনের গ্রুপে।

যে গ্রুপের মূল কাজ হল সকালে গুড মর্নিং ফুল পাঠানো আর বছরে একবার “হ্যাপি নিউ ইয়ার” লেখা।

আর এখনকার বাচ্চারা?

ওরা ইতিমধ্যে নস্টালজিক। সতেরো বছর বয়সে।

“আগে রিলস এত ছিল না।”

“আগে অ্যালগরিদম এত খারাপ ছিল না।”

“আগে সব সহজ ছিল।”

এই “আগে” মানে ২০২০ সাল। মানে লকডাউন।

তোরা লকডাউনের জন্য নস্টালজিক?!

ঠিক আছে, আমি আর কিছু বলব না।

তবে একটা কথা না বলে পারছি না।

এই পুরো “আগে ভালো ছিল” ব্যাপারটার একটাই মানে আছে।

তখন আমরা ছোট ছিলাম। EMI ছিল না। বস ছিল না। রক্তচাপ মাপতে হত না।

সেটা সময়ের গুণ ছিল না।

সেটা ছিল বাবার ক্রেডিট কার্ডের গুণ।

এবার তোমার জন্য কিছু প্রশ্ন —

তুমি শেষবার কবে বলেছিলে “আগে কী সুন্দর ছিল”? এবং ঠিক তার পরের মুহূর্তে কী করেছিলে — স্ক্রোল করেছিলে, না চা বানাতে উঠেছিলে?

 

তোমার “আগে”টা ঠিক কত বছর আগে? পাঁচ? দশ? নাকি গত বৃহস্পতিবার?

 

তুমি কি কখনো ভেবে দেখেছো — এখন থেকে দশ বছর পর, আজকের এই “বাজে সময়”টাকেই তুমি মিস করব?

 

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন —

তোমার দাদু যখন বলতেন “আগে কী সুন্দর ছিল”, তখন তুমি কি মন দিয়ে শুনতে? নাকি ফোন দেখতে?

1 thought on “আগে কী সুন্দর দিন কাটাতাম…

Leave a Reply